বিবরণপত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা

 

(Discuss the importance and necessity of prospectus.)

উত্তরঃ প্রারম্ভিক কথা : বিবরণপত্র হলো পাবলিক লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল । এই দলিলের মাধ্যমে প্রবর্তকগণ জনসাধারণকে শেয়ার ক্রয় করার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকে । সুতরাং কোম্পানিতে বিবরণপত্রের গুরুত্ব অনস্বীকার্য।

নিম্নে বিবরণপত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলোঃ

১। মূলধন সংগ্রহ : প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেদের মধ্যে থেকে প্রয়োজনীয় অর্থের জোগান দিতে পারলেও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটি সম্ভব নয়। কারণ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর এর প্রবর্তকগণ শেয়ার মূলধনের একটি বড় অংশ জনগণের কাছ থেকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এ ইচ্ছাকে সামনে রেখে কোম্পানির প্রবর্তকগণ বিবরণপত্রে কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। সুতরাং মূলধন সংগ্রহের জন্য পাবলিক লিমিটেড কোম্পানির বিবরণপত্র ইস্যু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২। ঋণ সংগ্রহ : বড় পরিমাণের ঋণ সংহ্রহের জন্য অনেক সময় ঋণপত্র ইস্যু ও বিক্রয় করা হয়। ঋণপত্র ইস্যুর মাধ্যমে ঋণ সংগ্রহ করতে চাইলে বিবরণপত্র প্রণয়ন ও প্রচারের প্রয়োজন পড়ে।

৩। ব্যবসায় সম্প্রসারণ : পাবলিক লিমিটেড কোম্পানিকে এর কাজ সম্প্রসারণ করার জন্য মূলধন বা ঋণ সংগ্রহের প্রয়োজন পড়ে। বিবরণপত্র ইস্যুর মাধ্যমে কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রয় করে ব্যবসায় সম্প্রসারণ করতে পারে।

৪। কোম্পানি সম্পর্কে তথ্য প্রদান : কোম্পানি সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান ও জনগণকে কোম্পানির প্রতি আগ্রহ সৃষ্টির জন্য বিবরণপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে অবশ্যই প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে তুলে ধরা হয় ।

৫। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ : পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করতে হলে বাধ্যতামূলকভাবে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় । এরূপ পত্র সংগ্রহের জন্য বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি নিবন্ধকের নিকট জমা দান একান্ত প্রয়োজন ।

৬। আইনসিদ্ধ প্রস্তাব : শেয়ার ক্রয়ের প্রস্তাব সাধারণত বিবরণপত্রে ছাপা থাকে । প্রস্তাবপত্র ছাপানো বিবরণপত্র পেলে যে কোন বক্তি ঐ প্রস্তাবপত্র পূরণ করে কোম্পানিকে পাঠিয়ে শেয়ার ক্রয়ের প্রস্তাব দিতে পারে।

৭। সিদ্ধান্ত গ্রহণঃ বিবরণপত্রের মধ্যে কোম্পানির শেয়ার ও ঋণ বণ্টনের শর্তাবলী যেমন অন্তর্ভুক্ত থাকে তেমনি উক্ত কোম্পানির বর্তমান এবং ভবিষ্যৎ আর্থিক অবস্থা ও মুনাফা বণ্টনের প্রক্রিয়া সম্পর্কেও উল্লেখ থাকে । এর দ্বারা প্রত্যাশিত শেয়ারহোল্ডারগণ কোম্পানিতে বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ।

উপসংহারঃ উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, কোম্পানির তথ্য উপস্থাপন, মূলধন সংগ্রহ প্রভৃতির জন্য বিবরণপত্রের গুরুত্ব অপরিসীম। এর উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারগণ কোম্পানিতে বিনিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url