বোনাস শেয়ার কাকে বলে? (What is bonus share?)
উত্তরঃ কোম্পানির শেয়ার মালিকদের মধ্যে নগদে লভ্যাংশ বন্টন না করে লভ্যাংশের বিপক্ষে সাধারণ শেয়ার বণ্টন করা হলে বণ্টনকৃত শেয়ারকে বোনাস শেয়ার বলে। বোনাস শেয়ার কার্যত কোন নতুন ধরনের শেয়ার নয়। এরূপ শেয়ার ইস্যুর ফলে কোম্পানি সাধারণ শেয়ার মূলধন বৃদ্ধি পায়। শেয়ার মালিকদের এরূপ শেয়ার ক্রয়ে কোন নগদ অর্থ দিতে হয় না বিধায় এরূপ শেয়ারকে বোনাস শেয়ার নামে অভিহিত করা হয়ে থাকে। কোন কোম্পানির বিভিন্ন সঞ্চিতি তহবিলে পর্যাপ্ত অর্থ জমা হলে সেক্ষেত্রে মূলধনের সাথে সঞ্চিতি ও অর্জিত মুনাফার সমন্বয় সাধনের উদ্দেশ্যে শেয়ার মূলধন বৃদ্ধি করা যেতে পারে। সেক্ষেত্রে শেয়ারমালিকদের নগদে লভ্যাংশ না দিয়ে সঞ্চিতি তহবিলের বিপক্ষে শেয়ার ইস্যু করে লভ্যাংশ প্রদান করা হয়। এতে কোম্পানির শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সঞ্চিতি তহবিলের পরিমাণ হ্রাস পায়। এতে পরবর্তীতে নগদ লভ্যাংশ "প্রদানও সহজ হয় । এ ধরনের শেয়ার বিদ্যমান শেয়ারমালিকদের মধ্যে আনুপাতিকহারে বন্টন করা হয়ে থাকে । কোম্পানির পরিমেল নিয়মাবলী দ্বারা ক্ষমতা প্রাপ্ত হলেই শুধুমাত্র কোম্পানি এ ধরণের শেয়ার ইস্যু করতে পারে।
